প্রতিবেদন: ক্যামাক স্ট্রিটের অফিসে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ওই ঘটনার পর পুলিশ একাধিক ধারায় অভিযোগ এনেছে তাঁর বিরুদ্ধে। সেই মামলাতেই বুধবার সকালে শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন (DEREK O’BRIEN)। এদিন সকাল ১০টা নাগাদ একাই নিজের গাড়িতে চড়ে থানায় পৌঁছে যান ডেরেক। ওই একই মামলায় আজ, বুধবার শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কেও। তবে কিছুক্ষণ আগে পর্যন্ত তাঁর হাজিরার খবর নেই। গত সোমবারই তলব করা হয়েছিল ডেরেককে। তবে সেদিন তলব পেলেও হাজিরা দেননি তিনি। ৭ দিন সময় চান তিনি। কিন্তু পুলিশ তা দেয়নি। সোমবারই ফের নোটিস পাঠিয়ে বুধবার তাঁকে হাজিরার নির্দেশ দেয় পুলিশ।
কয়েকদিন আগে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে ঢুকে পুলিশ ও পুরসভার কর্মীরা অফিসে লাগানো তৃণমূলের বিলবোর্ড বেআইনি বলে খুলে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পুলিশকে আক্রমণ, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়, ডেরেক ও’ব্রায়েনদের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে মোট তিনটি এফআইআর দায়ের করা হয়। সেই মামলায় মঙ্গলবার শেক্সপিয়র সরণি থানায় হাজিরা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment