অনীক দত্তের অকাল মৃত্যু, এসএসকেএমে মুখ্যমন্ত্রী, শোক প্রকাশ অগ্নিমিত্রা পালের 

Spread the love

রোজদিন ডেস্ক :

বিশিষ্ট চিত্র পরিচালক অনীক দত্তের অকাল প্রয়াণে গভীর শোক ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

মুখ্যমন্ত্রী এই মর্মান্তিক খবর পাওয়া মাত্র এমন গুণী পরিচালকের শেষ কৃত্যে যাতে কোন সমস্যা না হয় তার নির্দেশ দেন৷ সন্ধ্যায় তিনি এসএসকেএমে যান। সেখানে প্রয়াত পরিচালকের স্মৃতিতে রাখা পুষ্পাধারে শ্রদ্ধা জানান। বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ প্রায় সঙ্গে সঙ্গে হাসপাতাল চলে যান।

সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রয়াত পরিচালককে গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, বিশিষ্ট নামী চিত্র পরিচালকের আচমকা প্রয়াণের খবরে তিনি স্তম্ভিত, শোকস্তব্ধ। বাংলা চলচ্চিত্রে ওঁর অবদান অমূল্য। প্রয়াত পরিচালকের শোকসন্তপ্ত পরিবার, বন্ধুদের তিনি সমবেদনা জানান। তাঁর বিশ্বাস, কলকাতা পুলিশ ওঁর রহস্য মৃত্যুর তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনবে।

পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল সমাজমাধ্যমে লেখেন, চলচ্চিত্র নির্মাতা অনীক দত্তের মর্মান্তিক প্রয়াণে তিনি গভীর ভাবে শোকাহত। তাঁর অকাল প্রয়াণ চলচ্চিত্র জগত ও সমগ্র টলিউড পরিবারের জন্য এক বিরাট ক্ষতি।

তাঁর অসাধারণ কাজ ও সৃজনশীল দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি দর্শকদের হৃদয়ে এক বিশেষ স্থান করে নিয়েছিলেন। ও বাংলা সিনেমায় অসামান্য অবদান রেখেছেন। এই অত্যন্ত কঠিন সময়ে তাঁর পরিবার, প্রিয়জন, বন্ধু ও অসংখ্য অনুরাগীদের তিনি আন্তরিক সমবেদনা জানান।

সাহসী, পরিশীলিত, স্পষ্টবাক অনীক দত্তের জীবন দর্শনে বামপন্থার প্রভাব ছিল লক্ষ্যণীয়। আজ তাঁর মর্মান্তিক প্রয়াণের খবরে শোকাহত বামপন্থী মহলও। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষ, দীপ্সিতা ধর প্রমুখ হাসপাতালে যান।

অনীক দত্তের বেশির ভাগ ছবির প্রযোজক ফিরদৌসল হাসান, শ্রীলেখা মিত্র, মানসী সিংহ, সৃজিত মুখার্জি প্রমুখ চলচ্চিত্র জগতের বহু মানুষ হাসপাতালে যান।

প্রয়াত পরিচালকের কন্যা ঐশী আসার পর তাঁর শেষকৃত্য নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*