রোজদিন ডেস্ক : উপস্থিত বুদ্ধি ও সাহসের পরিচয় দিয়ে একা হাতে নিশ্চিত বিপর্যয় রুখে দিয়েছেন কলকাতা পুলিশের এক আধিকারিক। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়া রুখে দিলেন শুধুমাত্র অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে। দমকলের অপেক্ষা না করে নিজেই গাড়ির ছাদে উঠে ইলেকট্রিক পোস্টেের আগুন নিভিয়ে নিদর্শন তৈরি করলেন বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডের ওসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
https://x.com/mamataofficial/status/2027011339202478435?s=48
তাঁর এই সাহসিকতার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রসেনজিতের প্রশংসায় পঞ্চমুখ। ঘটনার বিবরণ লিখে ওই মুহূর্তের ভিডিও পোস্ট করে কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী সেই পোস্ট শেয়ার করে এক্স মাধ্যমে লিখেছেন, বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ড (কলকাতা পুলিশ)-এর ওসি, আমাদের সাহসী ইন্সপেক্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে আমার আন্তরিক অভিনন্দন। সম্ভাব্য এক বড় বিপর্যয় ঠেকাতে তাঁর অসাধারণ তৎপরতা ও সাহসিকতা সত্যিই প্রশংসনীয়। তাঁর মতো নায়ককে নিয়ে সমাজের গর্ব করা উচিত। ওই অফিসারের সাহসিকতা ও সক্রিয়তার বিস্তারিত বিবরণ দেওয়া কলকাতা পুলিশের পোস্টটি গর্বের সঙ্গে শেয়ার করছি। কী ঘটেছিল গত ২৪ ফেব্রুয়ারি? আচমকাই খিদিরপুরের সেন্ট থমাস স্কুলের উল্টোদিকের ফুটপাথে একটি ইলেকট্রিক পোস্টে আগুন লেগে যায়। কপাল জোরে স্কুল ছুটি হয়ে যাওয়ায় ছাত্রছাত্রীরা কেউ সেখানে ছিল না। যদিও চারপাশে ঘনবসতি এবং দোকানের সারিতে সেই আগুনের হালকা ছোঁয়া লাগলেও বিরাট বিপর্যয় ঘটতে পারত। সেইসময় ট্রাফিক সামলাচ্ছিলেন বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডের ওসি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আগুনের খবর পেয়ে তিনও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির গুরুত্ব বুঝে দমকলের অপেক্ষা না করেই আগুন নেভানোর তোড়জোড় করেন। নিজের গাড়ি আগুনের কাছাকাছি দাঁড় করিয়ে গাড়ির ছাদে উঠে পড়েন। হাতে ধরা অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে যথেষ্ট ঝুঁকি নিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন তিনি। প্রসেনজিতের এই অসামান্য তৎপরতা ও সাহসিকতায় মুগ্ধ স্থানীয়রাও তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান। লালবাজারের তরফেও ওই তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। এবার প্রশংসায় ভরিয়ে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

Be the first to comment