রমিত সরকার, নদীয়া :
নদীয়া জেলার চাপড়া থানার অন্তর্গত হাতিশালা এলাকায় জলঙ্গি নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। আজ সকালবেলা এই ঘটনাটি সামনে আসে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হাতিশালার বাসিন্দা মৎস্যজীবী আল্লাহ রাখা শেখ মাছ ধরার জন্য জলঙ্গি নদীতে যান। সেই সময় তিনি নদীর জলে কিছু একটা ভেসে আসতে দেখেন। প্রথমে সেটিকে একটি পুতুল বলে মনে হলেও পরে বাঁশ দিয়ে নাড়াচাড়া করতেই তিনি বুঝতে পারেন সেটি একটি মানুষের মৃতদেহ। বিষয়টি নিশ্চিত হতেই তিনি দ্রুত স্থানীয়দের খবর দেন।
খবর ছড়িয়ে পড়তেই নদীর ধারে ভিড় জমতে শুরু করে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে চাপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহটি নদী থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া মৃতদেহটির পরিচয় এখনও জানা যায়নি। দেহে আঘাতের কোনও চিহ্ন রয়েছে কি না এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। কীভাবে মৃতদেহটি নদীতে এল, এটি নিছক দুর্ঘটনা না কি এর পিছনে অন্য কোনও ঘটনা রয়েছে—সে বিষয়টি খতিয়ে দেখছে চাপড়া থানার পুলিশ।
পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের তালিকা খতিয়ে দেখা হচ্ছে এবং মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চালানো হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য প্রকাশ পাবে বলেই মনে করছে পুলিশ।

Be the first to comment