রোজদিন ডেস্ক : আর মাত্র আটদিন। এর পরই ডেনমার্কে বন্ধ হয়ে যাবে দীর্ঘ চারশো বছরের ঐতিহ্যবাহী চিঠি পরিষেবা। দেশে ডিজিটাল ব্যবস্থা বৃদ্ধির ফলে এই সিদ্ধান্ত নিয়েছে সে দেশের ডাক বিভাগ। এই পরিষেবা বন্ধের আগে থেকেই ডেনমার্কের বিভিন্ন জায়গা থেকে এক হাজার বিশেষ পোস্ট বক্স তুলে নেওয়া হয়েছে। তিন ঘন্টার মধ্যে তা বিক্রিও হয়ে গেছে। আগামী জানুয়ারি মাসে আরও দুশোটি পোস্ট বক্সও নিলামে উঠবে বলে জানা যায়।
পৃথিবীর অন্যতম ডিজিটাল দেশ হিসাবে পরিগণিত ডেনমার্কে চিঠি পরিষেবা বন্ধ হওয়ায় অনেকেই বিষণ্ণ। তবে আগামী বছর পয়লা জানুয়ারি থেকে ডাও নামের এক বেসরকারি সংস্থা তাদের পরিষেবার আওতা বাড়াচ্ছে।
সূত্রের খবর, অনলাইন কেনাকাটা বৃদ্ধি পাওয়ায় পোস্টনর্ড সংস্থা পার্সেল পরিষেবা বাড়ানোয় গুরুত্ব দিচ্ছে। তবে সুইডেনে তাদের এই পরিষেবা চালু থাকবে।
১৬২৪ সাল থেকে ডেনমার্কে চিঠি পরিষেবা শুরু হয়। তবে গত পঁচিশ বছরে তা নব্বই শতাংশের বেশি কমে গেছে। তরুণ প্রজন্মের চিঠি লেখার প্রবণতা সারা পৃথিবীতেই কমেছে। দরকার ছাড়া এখন আর চিঠি লেখেনই না সিংহ ভাগ মানুষ।

Be the first to comment