প্রতিবেদন: বৃহস্পতিবার মধ্যারাতে নয়াদিল্লির করোলবাগ মার্কেটে আগুন। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২২টি ইন্জিন। সকালের খবর আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রনে আসেনি। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ করোলবাগ এলাকার গফফর মার্কেটের পুরী প্লাজা নামের এক বহুতলের একতলার একটি দোকান থেকে প্রথম আগুন ও ধোঁয়া বেরতে দেখা যায়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ওই মার্কেটে মূলত মোবাইল ফোনের দোকানই বেশি রয়েছে। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, একতলার ওই দোকানে ব্যাটারি বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। তার পর আগুন বহুতলের অন্য তলাগুলিতেও ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ সম্পর্কে তদন্ত শুরু করেছে দমকল।

Be the first to comment