রোজদিন ডেস্ক : নির্বাচন কমিশনকে সামনে রেখে বাংলা দখলের চেষ্টা করছে বিজেপি। এর বিরুদ্ধে আমজনতাকে সজাগ, সচেতন থাকার আহবান জানালো দেশ বাঁচাও গণমঞ্চ। আজ সংগঠনের পক্ষে পূর্নেন্দু বসু সাংবাদিকদের এই কথা বলেন।
রাজ্যে এসআইআর এর নামে গরিব, প্রান্তিক মানুষদের ভোটাধিকার কাড়ার চেষ্টা হচ্ছে বলে তিনি আশঙ্কা ব্যক্ত করেন। এসআইআর-কে ভোটাধিকার কেড়ে নেওয়ার ফাঁদ বলে মন্তব্য করেন তিনি। বলেন, সম্প্রতি বিহারে বিধান সভা নির্বাচনের আগে তড়িঘড়ি এসআইআর হয়েছে। কিন্ত বহু প্রশ্নের এখনও উত্তর মেলেনি। এসআইআরের নামে যে সব পরিচয়পত্র চাওয়া হচ্ছে, গরিব মানুষের পক্ষে সব সময় চটজলদি তা দেওয়া সম্ভব না।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন এর সমালোচনা করে পুর্ণেন্দু বসু বলেন, তারা যে বিজেপির শাখা সংগঠনে পরিণত হয়েছে, তা নিজেরাই প্রমাণ করেছে। এই সবের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। কোন ভাবেই ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না বলে জানিয়ে দেন।
দেশ বাঁচাও গণমঞ্চর আরও বক্তব্য, মাত্র দেড় বছর আগে লোকদভা নির্বাচনের ভোটার তালিকা কেন মানা হচ্ছে না??
রাজ্যে মাত্র একশো দুই জন রোহিঙ্গা আছেন বলে তাঁদের দাবি। এর আগেও এসআইআর হয়েছে। কিন্ত এবার যে পদ্ধতিতে তা হচ্ছে, তা সন্দেহজনক। সিএএ নিয়ে বিজেপির এতই যদি আগ্রহ, তবে অসম, মেঘালয়ে তা হচ্ছে না কেন বলে তাঁরা প্রশ্ন তোলেন।
সাংবাদিক বৈঠকে সৈকত মিত্র, রন্তিদেব সেনগুপ্ত-সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Be the first to comment