রোজদিন ডেস্ক : লুকোচুরি শেষ। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বর্তমান তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী দিলীপ মণ্ডল। গোপন সূত্রে খবর পেয়ে পুরীর এক হোটেল থেকে তাঁকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। আপাতত তাঁকে কলকাতায় নিয়ে আসা তোড়জোড় শুরু হয়েছে। এর জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনে ততপর হয়েছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলের নেতা, কর্মীদের উদ্দেশ্য করে একটি হুমকি ভিডিয়ো পোস্ট করেন তিনি। সম্প্রতি বিষ্ণুপুরের বিধায়কের ওই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয় বিধায়কের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে গত ১৪ মে বিধায়কের খোঁজে পৈলানে তাঁর প্রাসাদোপম বাড়িতে হানা দেয় পুলিশ। কিন্তু বাড়িতে তাঁর খোঁজ মেলেনি। সূত্রের খবর, পুলিশ আসার খবর পেয়েই পালিয়ে যান বিধায়ক। তার পর থেকেই গা ঢাকা দিয়ে ছিলেন দিলীপ। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। সূত্রের খবর, দিন দুয়েক আগে রাজ্য পুলিশের এসটিএফ জানতে পারে পুরীর এক হোটেলে রয়েছেন দিলীপ। সেই সূত্র ধরে পুরীর ওই হোটেলে হানা দিয়ে তাকে গ্রেফতার করে এসটিএফ এবং ডায়মন্ড হারবার পুলিশ।

Be the first to comment