রোজদিন ডেস্ক : উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের বুলডোজার নীতি নিয়ে বিতর্ক সারা দেশে। এবার বাংলাতেও বুলডোজার নীতির পক্ষে জোরালো সওয়াল করলেন খড়গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। খড়গপুরের এক সভায় তিনি বলেন, এবারের ভোটে তাদের দল ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের ধাঁচে বুলডোজার নীতি বাংলাতেও প্রয়োগ করা হবে। বলাই বাহুল্য তাঁর এই মন্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে ভোটের বাংলায়। তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে দিলীপ দাবি করেন, রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে এবং দুর্নীতি ব্যাপক আকার নিয়েছে। এর অবিলম্বে পরিবর্তন চাই। এই পরিস্থিতি বদলাতে বুলডোজার নীতির মতো কড়া পদক্ষেপ চাই। উত্তরপ্রদেশ প্রসঙ্গে বলেন, ওখানে বিজেপির শাসনে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এক সঙ্গে নিরাপদে রয়েছেন। ফলে কাজের খোঁজে বহু মানুষ ওই রাজ্যগুলিতে যাচ্ছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের পুরনো একটি মন্তব্য তুলে ধরে হুঁশিয়ারির সুরে বলেন, বাংলায় থাকতে হলে বাংলা ভাষা জানতে হবে। তৃণমূলের দুর্নীতি নিয়ে বলেন, এখন যারা এই সব করছেন, জেনে রাখুন, বিজেপি ক্ষমতায় এলে কিন্তু যারা অনিয়ম বা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের আইনের মুখোমুখি হতে হবে। কেউ ছাড় পাবেন না।

Be the first to comment