যুক্তিগত অসঙ্গতির কারণে বাদ নাম, শীর্ষ দক্ষিণ ২৪ পরগনা

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ পর্ব শুরু হল মঙ্গলবার থেকে। এদিন খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে দাবি, আপত্তি ও শুনানি পর্ব, যা চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত। এই পর্ব শুরু হতেই কমিশনের প্রকাশিত ‘লজিক্যাল ডিসক্রেপ্যান্সি’ বা যুক্তিগত অসঙ্গতির তথ্য ঘিরে নতুন করে নজর পড়েছে একাধিক জেলায়, বিশেষত দক্ষিণ ২৪ পরগনায়।।কমিশনের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, যুক্তিগত অসঙ্গতির সাতটি ক্যাটাগরির মধ্যে চারটিতেই শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। কমিশনের পরিভাষায় যুক্তিগত অসঙ্গতি বলতে মূলত ভোটার ফর্মে পারিবারিক সম্পর্ক, নাম বা বয়স সংক্রান্ত এমন কিছু তথ্যকে বোঝানো হয়েছে, যেখানে স্বাভাবিক যুক্তির সঙ্গে অমিল রয়েছে। এই তালিকায় প্রথমেই রয়েছে এমন ফর্ম, যেখানে একজন ভোটারকে বাবা বা মা হিসেবে দেখিয়ে ছয় বা তার বেশি সন্তানের নাম নথিভুক্ত করা হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, এই ধরনের ফর্ম সবথেকে বেশি জমা পড়েছে মুর্শিদাবাদ জেলায়। মোট ৪ লক্ষ ৭ হাজার ৬৫টি। সবচেয়ে কম পাওয়া গিয়েছে ঝাড়গ্রামে। মাত্র ৭ হাজার ৭২৭টি। দক্ষিণ ২৪ পরগনা যেসব ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে, তার মধ্যে অন্যতম বাবার নামে গরমিল। এই জেলায় এমন ফর্ম জমা পড়েছে ৯ লক্ষ ৩৩ হাজার ৮৭২টি। তুলনায় সবচেয়ে কম এই ধরনের ফর্ম পাওয়া গিয়েছে কালিম্পং জেলায়, ৪৪ হাজার ২০টি। একই ভাবে বাবা-মায়ের সঙ্গে সন্তানের বয়সের ফারাক ১৫ বছর বা তার কম—এমন যুক্তিগত অসঙ্গতির ক্ষেত্রেও দক্ষিণ ২৪ পরগনা শীর্ষে। ওই জেলায় এমন ফর্ম জমা পড়েছে ১ লক্ষ ৩৯ হাজার ৭০২টি। এই ক্যাটাগরিতে সবচেয়ে কম ফর্ম জমা পড়েছে কালিম্পং জেলায়, ১০ হাজার ৫৬৯টি। আর একটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরি হল, ৪৫ বছর বা তার বেশি বয়সে প্রথম বার ভোটার তালিকায় নাম তোলার আবেদন। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে উত্তর ২৪ পরগনা জেলায়—২ লক্ষ ৫৯ হাজার ৮৮১টি। এখানে সবচেয়ে কম এই ধরনের ফর্ম জমা পড়েছে কালিম্পং জেলায়, ১১ হাজার ৯৪৭টি। কমিশন সূত্রে জানানো হয়েছে, এই ধরনের যুক্তিগত অসঙ্গতি থাকা ফর্মের মোট সংখ্যা প্রাথমিক ভাবে ধরা হয়েছে প্রায় ১ কোটি ৬৩ লক্ষ ৫১ হাজার ১৭৩টি। তবে এর মধ্যে বহু ফর্মেই একাধিক ক্যাটাগরির অসঙ্গতি ধরা পড়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*