রোজদিন ডেস্ক : এসআইআর প্রক্রিয়ায় চলার মাঝে বারবার উঠে এসেছে সার্ভার সমস্যার কথা। সেই সমস্যা সমাধানে এবার বিশেষ অ্যাপ চালু করল রাজ্যের সিইওর দফতর। এখানে কোথায়, কোন এলাকায় সার্ভার বসে গিয়েছে বা কাজ ব্যাহত হচ্ছ, তা সরাসরি জানাতে পারবেন জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসাররা (ডিইও)। সেই তথ্য পৌঁছে যাবে রাজ্যের স্বীকৃত আটটি টেলিকম সংস্থার কর্তা ও প্রযুক্তি টিমের কাছে। একই অ্যাপে যুক্ত থাকবেন সিইও মনোজ কুমার আগরওয়াল এবং সিইও দফতরের শীর্ষস্থানীয় আধিকারিকরা। ফলে দ্রুত সমস্যা শনাক্ত করা এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া যাবে। গত কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন প্রান্তে এনুমারেশন ফর্ম ডিজিটাইজেশন ও আপলোড করতে গিয়ে বারবার সার্ভার ঝামেলায় পড়ছিলেন বিএলওরা। জমে অভিযোগের পাহাড়। এরপরই নড়েচড়ে বসে সিইও দফতর। সোমবার রাজ্যের স্বীকৃত টেলিকম সংস্থাগুলির সঙ্গে বৈঠকে সিইও মনোজ আগরওয়াল স্পষ্ট বার্তা দেন বারবার সমস্যা নিয়ে কোনও অজুহাত চলবে না। তৎক্ষণাৎ সমাধান চাই।” সিইও-র এই কঠোর অবস্থানের পর টেলিকম সংস্থার কর্তারা আশ্বাস দেন, গ্রাউন্ড লেভেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তারপরই তৈরি হয় বিশেষ অ্যাপ।যেখানে ডিইওরা নির্দিষ্ট লোকেশন ট্যাগ করে জানালেই সংশ্লিষ্ট সংস্থা সেই এলাকায় নেটওয়ার্ক বা সার্ভার সমস্যার সমাধান করতে পারবেন। সিইও দফতরের দাবি, এই ব্যবস্থা চালু হলে বিএলওদের সমস্যা শেষ হবে। কাজের গতি বাড়বে।

Be the first to comment