সঠিকভাবে দায়িত্ব পালন করুন, মাইক্রো অবজার্ভারদের কড়া বার্তা কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত মাইক্রো অবজার্ভারদের একাংশের বিরুদ্ধে কাজে গাফিলতির অভিযোগ ওঠায় কড়া বার্তা দিল রাজ্যের সিইও দফতর। মাইক্রো অবজার্ভারদের উদ্দেশে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, দায়িত্ব পালনে কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। কর্তব্যে অবহেলা প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী মাইক্রো অবজার্ভারদের মূল দায়িত্ব হল, এনুমারেশন ফর্মে ডিজিটাইজড এন্ট্রি যাচাই, ভোটার তালিকার সঙ্গে জন্ম-মৃত্যু নথির তুলনা, যাঁদের নোটিস পাঠানো হয়েছে তাঁদের জমা দেওয়া নথি পরীক্ষা, দাবিদাওয়া ও আপত্তির ক্ষেত্রে জমা পড়া নথিপত্র যাচাই এবং শুনানির সময় ইলেক্টরের সঙ্গে ইআরও/এইআরও-র যৌথ ছবি তুলে তা নির্দিষ্ট সময়ে আপলোড করা।

পাশাপাশি ভোটার তালিকা সংশোধনের সময় কোনও বিচ্যুতি বা অসঙ্গতি ধরা পড়লে তা রিপোর্ট করাও তাঁদের দায়িত্বের মধ্যে পড়ছে। কিন্তু কমিশনের টিম শুনানি কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখতে পেয়েছে, বহু জায়গায় মাইক্রো অবজার্ভাররা নির্ধারিত দায়িত্ব পালন করছেন না। এমনকি শুনানিতে আসা ভোটারদের স্বাক্ষরও যথাযথভাবে যাচাই করা হচ্ছে না। এই প্রেক্ষিতে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, মাইক্রো অবজার্ভারদের তাঁদের কাজ গুরুত্ব সহকারে পালন করতে হবে। কোনও ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা ধরা পড়লে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে। প্রশাসনিক মহলের মতে, রাজ্যে এসআইআর প্রক্রিয়া ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতর চরমে উঠেছে। এই আবহে কমিশনের নির্দেশ মেনে যাচাই ও নজরদারির কাজ নিখুঁতভাবে শেষ করার বার্তাই দেওয়া হল বলেই মনে করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*