রোজদিন ডেস্ক : বাংলাদেশস্থিত ভারতীয় হাই কমিশনার প্রনয় ভার্মা শনিবার বিএনপি প্রধান তারেক রহমানের সঙ্গে দেখা করেন। প্রায় ৪০ মিনিট তাঁদের কথা হয়। এটি সৌজন্যমূলক সাক্ষাত ছিল বলে বিএনপি সূত্রে জানা যায়।
শুক্রবার তারেক রহমান আনুষ্ঠানিক ভাবে বিএনপি-র চেয়ারম্যান হয়েছেন। আগামী মাসে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে রাজনৈতিক মহল মনে করেন।
এই নির্বাচনে আওয়ামী লিগ অংশ গ্রহণ করতে পারবে না। বিএনপি-র একদা সহযোগী জামাত এ ইসলামি-র সঙ্গে ও বিএনপি-র সমঝোতা হয়নি। উভয়ই প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হচ্ছে।
তারেক রহমান বিএনপি প্রধান হওয়ার পরদিনই ভারতীয় হাই কমিশনারের সঙ্গে তাঁর সৌজন্য সাক্ষাত তাৎপর্যপূর্ণ বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
বাংলাদেশে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের পর সংখ্যালঘু, বিশেষত হিন্দুদের ওপর আক্রমণ, অত্যাচার বৃদ্ধি পেয়েছিল। পরে তা কিছুটা স্তিমিত হলেও গত বছরের শেষ দিকে ছাত্র নেতা ওসমান হাদির হত্যার পর তা আবার বৃদ্ধি পায়। এখনও ওই দেশে হিন্দুরা সঙ্কটে আছেন বলে উদ্বিগ্ন সব মহলই। দীর্ঘ ১৭ বছর ব্রিটেনে থাকা তারেক রহমানকে ঘিরে দেশবাসীর অনেক আশা। প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ও তাঁর দল বিএনপি নির্বাচনে ভাল ফল করবে বলে রাজনৈতিক মহল মনে করেন। এই প্রেক্ষিতে তাঁর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাত গুরুত্বপূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment