রোজদিন ডেস্ক : দেশে বিজেপি-র আগ্রাসন ঠেকাতে এবার ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে চায় জাতীয় কংগ্রেস। এই উদ্দেশ্যে আগামী ৮ জুন দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে। তবে জোটের সঙ্গী ডিএমকে, আপ বৈঠকে যাবে কিনা সংশয় আছে। তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী বিজয়ের মন্ত্রিসভায় কংগ্রেস যোগ দেওয়ায় ক্ষুব্ধ ডিএমকে। আপের সঙ্গে বহুদিন ধরেই কংগ্রেসের সম্পর্ক শীতল থেকে শীতলতর হয়েছে। ফলত ৮ জুনের বৈঠকে এই দুই দলের যোগদান অনিশ্চিত।
সদ্য পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপি-র সব থেকে বড় জয় পশ্চিম বঙ্গ জয়। কেরলমেও এবারই প্রথম বিধানসভায় পদ্ম ফুটেছে। এই সব নিয়ে উদ্বিগ্ন বিরোধী ইন্ডিয়া জোট।
পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির দীর্ঘ পনের বছরের শাসনের অবসানে উদ্বেগ ব্যক্ত করেছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে প্রমুখ। আগামী দিনে দেশে ইন্ডিয়া জোটকে শক্তিশালী করে বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মসূচির রূপরেখা তৈরি নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
সূত্রের খবর, ৮ জুনের বৈঠকে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাঁর ভাইপো সাংসদ অভিষেক ব্যানার্জিও যোগ দেবেন। রাজ্যে বিধানসভা নির্বাচনে বিপর্যয়ের পর তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় হবেন বলে মমতা ব্যানার্জি জানিয়েছিলেন।
এখন অবধি পাওয়া খবরে প্রকাশ, কংগ্রেস আহুত এই বৈঠকে সমাজবাদী দল, আরজেডি, জেএমএম, শিবসেনা উদ্ধব গোষ্ঠী, এনসিপি-র শরদ পাওয়ার গোষ্ঠী, ন্যাশনাল কনফারেন্স প্রমুখ দলের নেতারা যোগ দেবেন। কেরলমে এবার বাম সরকারকে পরাজিত করে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এসেছে। তবে বিজেপি বিরোধী আন্দোলন ও কর্মসূচিতে বামপন্থী দলগুলি বরাবরই কংগ্রেসের পাশে থেকেছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment