আজ মঙ্গলবার থেকে এসআইআর নথি যাচাই করনেন জুডিশিয়াল অফিসাররা

Spread the love

রোজদিন ডেস্ক : সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসআইআর-এর নথি যাচাই পর্ব। প্রথম পর্যায়ে ২৫০ জন বিচারক প্রায় ৪৫ থেকে ৫০ লক্ষ ভোটারের নথি খতিয়ে দেখবেন। পুরো প্রক্রিয়াই হবে ডিজিটাল মাধ্যমে, যেখানে প্রত্যেক বিচারকের জন্য আলাদা লগ-ইন আইডি তৈরি করা হয়েছে। বিচারকদের তালিকা পাওয়ার পর তাঁদের লগ-ইন আইডি তৈরি হবে। নির্দিষ্ট পোর্টালে নাম ও ফোন নম্বর দিলে ওটিপি মিলবে, সেই ওটিপি দিয়েই লগ-ইন করতে হবে। এরপর সংশ্লিষ্ট বিধানসভা ও বুথ নির্বাচন করলে সিরিয়াল নম্বর-সহ ভোটারদের তালিকা দেখা যাবে। প্রতিটি নামের পাশে থাকবে দু’টি অপশন—একটিতে এনিউমারেশন ফর্ম ও জমা দেওয়া নথি, অন্যটিতে ইআরও, এইআরও, মাইক্রো অবজার্ভার ও বিএলও-র পর্যবেক্ষণ। সব যাচাই করে বিচারক ‘অ্যাকসেপ্ট’ বা ‘রিজেক্ট’ করবেন এবং কমেন্ট বক্সে কারণ উল্লেখ করবেন। শনি ও রবিবার কমিশন ও রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। সোমবার ২৫০ জন বিচারককে প্রশিক্ষণ দেওয়া হয়। তাঁদের মধ্যে এনডিপিএস ও পকসো আদালতের প্রায় ১০০ জন বিচারক রয়েছেন। প্রতি জেলায় তিন সদস্যের কমিটি—জেলা বিচারক, জেলাশাসক ও পুলিশ সুপার, প্রক্রিয়াতে নজরদারি করবে।
সোমবারের বৈঠকে প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নির্ধারিত গাইডলাইনের বাইরে কোনও কাজ করা যাবে না। সিইও মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, প্রশিক্ষণ শেষ, আজ থেকেই বিচারকেরা কাজে নামছেন। এই পর্যায়েই নির্ধারিত হবে সংশ্লিষ্ট ভোটারদের নাম তালিকায় থাকবে কি না। এখন নজর, বিপুল সংখ্যক নথি যাচাই কত দ্রুত শেষ হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*