নিজস্ব সংবাদদাতা, কল্যাণী:
নদিয়া জেলার কল্যাণীতে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক করেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এপিজে আবদুল কালাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন নদিয়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক আধিকারিকরা। প্রশাসনিক কাজকর্ম, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং বিভিন্ন জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে প্রশাসন সূত্রে খবর।
বৈঠকে রাজ্যের নবনির্বাচিত কয়েকজন বিধায়ক-সহ বিভিন্ন জনপ্রতিনিধিদেরও উপস্থিত থাকতে দেখা যায়। তবে সবকিছুর মধ্যেই বিশেষভাবে নজর কেড়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার-এর উপস্থিতি। রাজনৈতিক মহলে এই উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জোর চর্চা ও জল্পনা।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিরোধী শিবিরের প্রশাসনিক বৈঠকে তৃণমূলের এক সাংসদের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও বিষয়টি নিয়ে সরকারি বা দলীয় স্তরে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে শাসক ও বিরোধী— উভয় রাজনৈতিক মহলেই এই ঘটনাকে কেন্দ্র করে নানা ব্যাখ্যা উঠে আসতে শুরু করেছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, তিন জেলার একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনপরিষেবা সংক্রান্ত বিষয় নিয়েই মূলত এই বৈঠকে আলোচনা হয়েছে। তবে রাজনৈতিক মহলের নজর এখন কার্যত কেন্দ্রীভূত কাকলি ঘোষের উপস্থিতিকেই ঘিরে।

Be the first to comment