রোজদিন ডেস্ক :
অনলাইন ব্যাঙ্গাত্মক প্লাটফর্ম ককরোচ জনতা পার্টির (সিজেপি) ক্রমবর্ধমান জনপ্রিয়তায় উদ্বুদ্ধ হয়ে এবার ভারতীয় যুব কংগ্রেস আজ ইন্ডিয়ান ইয়ুথ ককরোচস ক্যাম্পেন শুরু করল।
বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলে বেকারত্ব, প্রশ্ন ফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে একে দেশব্যাপী যুব প্রতিরোধ আন্দোলন বলে বর্ণনা করেছে তারা।
যুব কংগ্রেসের জাতীয় নেতা মনীশ শর্মা ও উদয়ভানু চিব এই আরশোলা তকমাকে ফিরিয়ে আনলেন, যা প্রতিবাদী তরুণদের কটাক্ষ করে বলা হয়েছিল।
শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তের এই আরশোলা মন্তব্য নিয়ে সমাজ মাধ্যমে দেশব্যাপী তোলপাড় উঠেছে। প্রবাসী তরুণ অভিজিৎ দীপক এই নিয়ে অনলাইনে ব্যঙ্গাত্মক ককরোচ জনতা পার্টি প্ল্যাটফর্ম খোলার সঙ্গে সঙ্গে এর জনপ্রিয়তা তুঙ্গে ওঠে। যা নিয়ে অস্বস্তিতে কেন্দ্রের শাসক দল।
যুব কংগ্রেস নেতারা একে হাতিয়ার করে কেন্দ্র ও বিজেপি বিরোধী আন্দোলনে নামছেন। উদয়ভানু চিব বলেন, সারা দেশে অনলাইনে ও পথে নেমে আন্দোলন করা হবে। যুব কংগ্রেসের অভিযোগ, বেকারত্বর বিরুদ্ধে উদ্বেগ জানালে তাঁদের দেশদ্রোহী বলে দাগিয়ে দিয়ে চুপ করিয়ে দেওয়া হচ্ছে, জেলে পাঠানো হচ্ছে।
মনীশ শর্মা বলেন, চাকরি, বিচার ও দায়বদ্ধতা দাবি করা যদি ক্ষমতার চোখে আরশোলা মনে হয়, তবে তাঁরা তাই।এই ভারতীয় তরুণ আরশোলারা আর নীরব থাকবেন না বলে হুঁশিয়ারি দেন। এই প্রচার আন্দোলন তরুণ প্রজন্মের রাগ, ক্ষোভ, হতাশার প্রতিচ্ছবি বলে জানান তাঁরা। এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দিতে চান তাঁরা।

Be the first to comment