রোজদিন ডেস্ক : ফের উত্তরবঙ্গ সফরে চললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক বন্যা ও প্রাকৃতিক বিপর্যয়ের পর উত্তরবঙ্গের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। তবে কিছু কিছু জায়গায় দূর্যোগের প্রভাব এখনও রয়েছে। সেই পরিস্থিতি দেখতে ও পর্যালোচনা করতে আগামী সপ্তাহে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী সোমবার বাগডোগরা হয়ে উত্তরবঙ্গে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। প্রথম দিন শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকে করবেন তিনি। উত্তরবঙ্গের সমস্ত জেলাশাসককে মুখ্যমন্ত্রীর বৈঠকের প্রস্তুতি চূড়ান্ত রাখতে নির্দেশ পাঠানো হয়েছে। রাজ্য সরকার বন্যা-পরবর্তী পরিস্থিতিতে যে যে পদক্ষেপ নিয়েছে, সেই সব কর্মসূচির অগ্রগতি নিয়েও এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। শিলিগুড়ির বৈঠকে উপস্থিত থাকবেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী, জেলাশাসক, পুলিশ সুপার ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উত্তরবঙ্গ আমার কাছে অত্যন্ত প্রিয়। প্রাকৃতিক বিপর্যয়ের সময় তাঁরা যে সাহস দেখিয়েছেন, তা প্রশংসনীয়। আমি তাঁদের পাশে আছি এবং থাকবও। রাজ্য তাঁদের পুনর্বাসনের জন্য সবরকম সাহায্য করবে। এই সফরে মুখ্যমন্ত্রী প্রতিটি জেলা প্রশাসনের সঙ্গে পৃথক বৈঠক করবেন। স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, ক্ষয়ক্ষতির রিপোর্ট, ত্রাণ বিতরণের তথ্য এবং পুনর্গঠনের অগ্রগতির তথ্য বিস্তারিতভাবে তৈরি রাখতে হবে। মুখ্যমন্ত্রী এই সফরে উত্তরবঙ্গের পরিকাঠামো, সড়ক যোগাযোগ ও স্বাস্থ্যব্যবস্থা নিয়েও পর্যালোচনা করবেন। বিশেষ করে পাহাড়ে যেসব রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলি দ্রুত মেরামতির নির্দেশ দেওয়াও হতে পারে। এছাড়াও, মুখ্যমন্ত্রী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দেখা করে তাঁদের সমস্যার কথা শুনবেন।
রাজনৈতিকমহলের মতে, মুখ্যমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উত্তরবঙ্গ বরাবরই তৃণমূল সরকারের বিশেষ নজরে। তাই বন্যা-পরবর্তী সময়ে মানুষের পাশে দাঁড়ানোর এই সফর নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।

Be the first to comment