ধনধান্য অডিটোরিয়ামে দোল উৎসব থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তা মমতার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- এই প্রথমবার ধনধান্য অডিটোরিয়ামে দোলযাত্রা ও হোলি উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হল। পুরনিগম এবং রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের যৌথ উদ্যোগে আয়োজিত বুধবারের এই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এই উৎসবে যোগ দিয়েছিলেন বিভিন্ন ধর্ম ও জাতির ৩৩ জন প্রতিনিধি। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলার প্রশাসনিক প্রধান আরও বড় পরিসরে এই ধরনের উৎসব উদযাপনের বার্তা দিলেন।

এদিনের অনুষ্ঠানে ডান্ডিয়া ও ভাংড়ার তালে পা মেলাতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং ইন্দ্রনীল সেন। বিভিন্ন ধর্ম এবং সম্প্রদায়ের প্রতিনিধিরা এদিন নিজেদের মতামত তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন, “যাঁরা বিভিন্ন সম্প্রদায় থেকে এসেছেন, তাঁদের অনেক ধন্যবাদ জানাই। সবাইকে দোলযাত্রা ও হোলির শুভেচ্ছা জানাই। এই প্রথম কলকাতা পুরনিগম এই ধরনের অনুষ্ঠান করল। আমি ওদের বলেছিলাম এই অনুষ্ঠান করতে। আজ সেটা বাস্তবায়িত হয়েছে। তবে আগামী বছর আমরা এটি আরও বড় পরিসরে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদযাপন করব।”
এবছর দোল ও হোলি একই দিনে পড়ার পাশাপাশি চলছে পবিত্র রমজান মাস। সেই প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, “আমি আবেদন করব সবাই একসঙ্গে থাকবেন। আপনি দোল খেলুন, হোলি করুন, রমজান পালন করুন। মনটাকে রঙিন রাখুন সব ধর্মের জন্য, সব মানুষের জন্য। কেউ যদি কোনও কু-মন্তব্য করে, আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করে, তাতে কান দেবেন না। বাংলার মাটিতে আমরা সবাই একসঙ্গে থাকি, এটাই আমি দেখতে চাই।” ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “একদিনের জন্য হয়তো কেউ ঝগড়া লাগিয়ে চলে যাবে। কিন্তু আমরা ঝগড়া চাই না। শান্তি চাই। সবাই ভালো থাকলে বাংলাও ভালো থাকবে। আর বাংলার ভালো থাকা দেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বাংলা দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার।”
এদিনের অনুষ্ঠানে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম-সহ একাধিক শিল্পপতি ও বিভিন্ন ধর্মগুরুরা। মমতা বলেন, ‘‘মনটা রঙিন রাখুন সব ধর্মের জন্য। রং তখনই রঙিন হয় যখন মন বড় হয়।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*