ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল বন্ডেল গেটের কাছে একটি ওষুধ কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা।
জানা গিয়েছে, শনিবার বিকেল ৪টে নাগাদ আচমকা বন্ডেল গেটের সামনে দে-জ মেডিক্যালের কারখানায় আগুন লেগে যায়। অনুমান, ওই কারখানায় প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত ছিল। ফলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। চোখের নিমেশে দাউদাউ করে জ্বলে ওঠে গোটা কারখানা। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। পরে আরও ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। তবে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। ইতিমধ্যে, আগুনের উৎসস্থলে যাওয়ার চেষ্টা করছেন দমকল কর্মীরা।
স্থানীয় সূত্রের খবর, কারখানাটিতে রিপেয়ারিংয়ের কাজ চলছিল। আজ ওয়েলডিংয়ের কাজও হচ্ছিল। সেই থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে বলে অনুমান। ভিতরে কেউ আটকে আছেন কিনা, দেখা হচ্ছে সেটাও। তবে এখনও অবধি কারও হতাহতের খবর মেলেনি। আগুন নেভাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন দমকলকর্মীরা।

Be the first to comment