রোজদিন ডেস্ক : স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ইত্যাদির জন্য লড়াই-এ নাজেহাল আমজনতা মুখ্যমন্ত্রী ও ইডি-র নাটক দেখতে চায় না বলে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি আজ মন্তব্য করেন। গতকাল কলকাতায় আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি-র হানা, এর পালটা মুখ্যমন্ত্রীর এই দুই জায়গায় গিয়ে ফাইল ইত্যাদি ছিনিয়ে আনার বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, এই মুহূর্তে জীবন যন্ত্রণায় ক্লিষ্ট মানুষ হিসাব চান, বিচার চান। এই দাবিতে, এই লড়াই-এ তাঁরাই মানুষের পাশে ছিলেন, আছেন বলে তরুণ নেত্রী জানান।
আজ কোচবিহারে মীনাক্ষী মুখার্জি আরও বলেন, যিনি গতকাল ইডির কাছ থেকে ফাইল নিয়ে এসেছিলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও একজন ব্যক্তি! তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এই পরিস্থিতি রাজ্যের সাধারণ মানুষের কাছে বিপজ্জনক বলে তিনি মন্তব্য করেন।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী কলকাতায় এই ঘটনাকে ন্যাকামি বলে অভিহিত করে বলেন, এটা চিত্রনাট্য, না নাট্যচিত্র? গত পাঁচ বছর ইডি কোথায় ছিল বলে তিনি প্রশ্ন তোলেন। আজ যাদবপুরে মুখ্যমন্ত্রী হাঁটবেন বলে যেভাবে নিরাপত্তার ঘেরাটোপ সৃষ্টি করা হয়েছিল, তিনি সমালোচনা করেন।

Be the first to comment