MUNICIPAL ELECTION: পুজোর পরই কলকাতা, হাওড়া-সহ একাধিক পুরসভায় ভোট

আগামীকাল বুধবার সব পক্ষকে বৈঠক কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : সব ঠিক থাকলে পুজোর পরপরই রাজ্যে বাজতে ভোটের বাজনা। এবার পুরভোট। কলকাতা, হাওড়া দুই কর্পোরেশন-সহ একাধিক পুরসভায় ভোট করাতে চায় সরকার। মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিলেন যে ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে পুরভোট। সেই নির্দেশ অনুযায়ী তৎপরতা শুরু হয়েছে প্রশাসনের অন্দরে।
কলকাতা ও হাওড়া পুরনিগম-সহ রাজ্যের বাকি পুরসভাগুলিতে পুরভোট করাতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। পুজোর পর ভোট উৎসবের কোনও খামতি রাখতে চাইছে না কমিশন। ভোটের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হচ্ছে আগামীকাল বুধবার। ওইদিন রাজ্যের পুরসভা এবং পুরনিগমগুলির নির্বাচন নিয়ে সংশ্লিষ্ট জেলাশাসকদের সঙ্গে জরুরি বৈঠক বসতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। যেখানে যেখানে নির্বাচন হবে সেখানে এই মুহূর্তে কী পরিস্থিতি, ইভিএম থেকে শুরু করে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতেই রাজ্য নির্বাচন কমিশনের এই বৈঠক বলেই জানা গিয়েছে। সাত ডিসেম্বরের মধ্যে গোটা ভোট প্রক্রিয়া শেষ করতে দফায় দফায় বসছে বৈঠক। সবরকমের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে মঙ্গলবার জানান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সূত্রের খবর, প্রথম দফায় কলকাতা, হাওড়ার সঙ্গে শিলিগুড়ি, ধূপগুড়ি, বালি, কার্শিয়াং, কালিম্পংয়ের ভোট করানোর চেষ্টা করা হচ্ছে।

তবে বিধানসভা নির্বাচনের মতো পুরভোটেও ফের সমস্যা হতে চলেছে এসআইআর। এবারও একাধিক নাম বাদ পড়ার আশঙ্কা থাকছে। কারণ, এসআইআরে কয়েক লক্ষ নাম বিবেচনাধীন ছিল। এসআইআর ট্রাইবুনালে সেই সব বাদ পড়া নামগুলির নিষ্পত্তির প্রক্রিয়া এখনও চলছে। ফলে বহু নাম এখনও চূড়ান্ত তালিকায় ওঠেনি। কমিশন আপাতত গত ১ জুলাই যে তালিকা প্রকাশিত হয়েছে, তার উপর ভিত্তি করেই পুরভোট করানোর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইভিএম সমস্যা মেটাতে আদালতের দ্বারস্থ হয়েছে কমিশন। এই বিষয়টি নিয়ে দ্রুত শুনানি চেয়ে মঙ্গলবার হাইকোর্টে আবেদন জানানো হয়েছে। আগামী সপ্তাহে শুনানি হতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*