রোজদিন ডেস্ক : গাজায় গণহত্যার অভিযোগে ইস্রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহর বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করলো তুরস্ক।
ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা গণহত্যার অভিযোগে ইস্রায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে সে মামলা করেছে, তুরস্ক তাকে সমর্থন করেছে।
সূত্রের খবর, গাজায় পরিকল্পিত ও ধারাবাহিক ভাবে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ করার দায়ে তুরস্ক ইস্রায়েলের প্রধানমন্ত্রী ও কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে।
চলতি বছর তারা তুর্কি- ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালে বোমা বর্ষণ সহ বিভিন্ন হাসপাতালে ব্যাপক ভাবে হামলা চালিয়েছে। গাজাবাসীর জন্য মানবিক সহায়তা আটকে দেওয়ার মত অমানবিক কাজ ও করেছে ওই দেশ।
তুরস্কের সহায়তায় তুর্কি – ফিলিস্তিনি হাসপাতাল টি তৈরি হয়েছিল। ইস্রায়েলের হামলা য় তা প্রায় ধ্বংস হয়ে গেছে।
প্রসঙ্গত, গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি করেছিল। যদিও এ পর্যন্ত এর কিছুই কার্যকর হয়নি।
নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।
ইস্রায়েল অবশ্য একে প্রচারণামূলক ভাঁওতা বাজি বলে তোপ দেগেছে। উল্লেখ্য, গত দু বছরে ইস্রায়েলি হামলায় প্রায় ৭০ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। যা নিয়ে উদবেগ ব্যক্ত করেছে সারা বিশ্ব। মূলত আমেরিকা-সহ বিভিন্ন মহলের চাপে গত ১০ অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চলছে।
যদিও বিক্ষিপ্ত ভাবে এর মাঝেও গাজায় হামলা চালিয়েছে ইস্রায়েল।

Be the first to comment