হোঁচট খেয়ে লাইনের উপর পড়ে গিয়ে মৃত্যু হলো এক রেলকর্মীর; পড়ুন বিস্তারিত!

Spread the love
ট্রেন যাওয়ার আগে অন্যান্য দিনের মতোই রেলগেট নামিয়ে ফিরছিলেন রেলকর্মী চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আচমকাই হোঁচট খেয়ে লাইনের উপর পড়ে যান তিনি। আর উঠে দাঁড়াতে পারেননি। দুরন্ত গতিতে ছুটে আসা ট্রেন পিষে দিয়ে যায় তাঁকে।
মর্মান্তিক এই ঘটনাটা ঘটেছে রবিবার দক্ষিণপূর্ব রেলের আদ্রা-চান্ডিল শাখার কেতিকা রেল গেটের সামনে। রেল সূত্রে খবর, এ দিন সকাল ৬টা থেকে রেল গেটে কর্মরত ছিলেন তিনি। দুর্ঘটনা ঘটে বেলার দিকে। সে সময় আসানসোল-টাটাগামী এক্সপ্রেস লাইনে আসছিল। তারই ধাক্কায় মৃত্যু হয় চন্দ্রনাথ বাবুর।
রেল কর্মীর মৃত্যুর পর দীর্ঘক্ষণ বন্ধ থাকে রেল গেট। ফলে ট্রেন চলাচল বিপর্যস্ত হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আরপিএফ ও জিআরপি-র আধিকারিকরা। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠানো হয়।
রেলের শ্রমিক নেতা মলয় বন্দ্যোপাধ্যায় বলেছেন, ট্রেন যাওয়ার আগে প্রতিদিনই রেল গেট নামান চন্দ্রনাথবাবু। এ দিনও তাই করেছিলেন তিনি। নিজের কেবিন থেকে বেরিয়ে গেট নামিয়ে ঝাণ্ডা হাতে ফিরে আসছিলেন। কোনও কারণে বেসামাল হয়ে পড়ে যান তিনি।
প্রাথমিক তদন্তে রেল পুলিশের অনুমান, পড়ে গিয়ে অজ্ঞান হয়ে থাকতে পারেন চন্দ্রনাথবাবু। ট্রেনের হর্ন তিনি শুনতে পাননি, বা পেলেও উঠে সরে যেতে পারেননি। রেলের কর্তারা জানিয়েছেন, তদন্তের পরে রেলের নিয়ম মেনেই ক্ষতিপূরণ দেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*