ডোনাল্ড ট্রাম্পের নামে রাস্তা, ক্ষোভ তেলেঙ্গানায়

Spread the love

রোজদিন ডেস্ক : হায়দ্রাবাদে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের নামে রাস্তার প্রস্তাব নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস শাসিত তেলেঙ্গানা র মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই প্রস্তাব এনেছেন। হায়দ্রাবাদের যে রাস্তায় মার্কিন কনসাল জেনারেলের কার্যালয় আছে, তার নাম ডোনাল্ড ট্রাম্পের নামাংকিত করার প্রস্তাব এনেছেন তিনি। সুত্রের খবর, এতে ক্ষুব্ধ বিজেপি। তাদের মতে, হায়দ্রাবাদের কোন রাস্তার নামকরণের আগে এর ঐতিহাসিক প্রেক্ষাপটও ভেবে দেখা উচিত।
মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়েছেন, এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কেন্দ্রকে তা জানানো হয়নি। পররাষ্ট্র দফতর ও মার্কিন দূতাবাসকে শীঘ্রই এই বিষয়ে জানানো হবে। দু-পক্ষের সম্মতি পেলে এই রাস্তার নাম ডোনাল্ড ট্রাম্প এভেনিউ রাখা হবে।
কয়েকদিন পর তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সম্মেলন অনুষ্ঠিত হবে। ওয়াকেবহাল মহল মনে করেন, এই সম্মেলনের আগে আন্তর্জাতিক মহলে বার্তা দিতেই সরকারের এই ভাবনা। চলতি বছরের শুরুতে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী দিল্লির বার্ষিক ভারত মার্কিন সম্মেলনে যোগ দিয়ে জানিয়েছিলেন, হায়দ্রাবাদের গুরুত্বপূর্ণ রাস্তার নাম আন্তর্জাতিক ব্যক্তিত্বর নামে করার প্রস্তাব তাঁদের আছে। তেলেঙ্গানা সরকার এই সিদ্ধান্ত কার্যকর করলে তা রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রে নতুন বার্তা দেবে বলে আশা করা যাচ্ছে। এই ছাড়া বিশ্বের নামী তথ্য প্রযুক্তি সংস্থা গুগল, মাইক্রোসফট, উইপ্রো ইত্যাদির নামেও রাস্তা করার পরিকল্পনা তাদের আছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি, সংস্থা দের সম্মান প্রদর্শন করা হবে বলে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী মনে করেন।
বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বন্ডি সঞ্জয় কুমার এর প্রতিবাদ করে জানান, আগে হায়দ্রাবাদের নাম ভাগ্যনগর করা হোক।
এই সব নিয়ে কংগ্রেসের সঙ্গে বিজেপির তর্ক জমে উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*