রোজদিন ডেস্ক : জুবিন গর্গের প্রয়াণের রেশ না মিলোতেই ফের এক প্রথিতযশা গায়কের মৃত্যুতে শোক সঙ্গীত জগতে। মাত্র ৩৫ বছর বয়সে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ঋষভ। গানের জগতে যাঁকে ফকির নামেই জানতেন সবাই। তরুণ গায়কের এই প্রয়াণে হতবাক তাঁর অনুরাগী, আপনজনরা৷ গত ১০ অক্টোবর জন্মদিন ছিল তাঁর৷ নিজের জন্মদিনে দুঃস্থ শিশুদের অর্থ দান করেন তিনি। উত্তর ভারতের জনপ্রিয় উৎসব করবা চৌথের দিন স্ত্রী ওলেসা ট্যান্ডনকে নিয়ে বেশ কিছু সুন্দর মুহুর্তের ছবি সমাজ মাধ্যমে পোস্টও করেন। এই ব্রত পালনে স্বামীর দীর্ঘায়ু কামনায় উপবাস করেন স্ত্রীরা। ওলেসাও করেছিলেন, কিন্তু মাত্র কদিনের মধ্যে এইভাবে যে ঋষভ চলে যাবেন, কেউ কল্পনাও করেন নি। দীপাবলিতে দিল্লিতে মা বাবার সঙ্গে দেখা করতে গেছিলেন তিনি। আচমকাই অস্বস্তি বোধ করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ নিশ্বাস ফেলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
ইয়ে আশিকি, চাঁদ তু, ইশক ফকিরা ইত্যাদি জনপ্রিয় গানের গায়কের এই ভাবে অকালে চলে যাওয়ায় সঙ্গীত জগত-সহ শিল্প সংস্কৃতি মহলে গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment