রোজদিন ডেস্ক : দীর্ঘ ৩৭ বছর পর এসআইআরের দৌলতে নিজের দাদার খোঁজ পেলেন বিএলও ভাই।
পুরুলিয়ার রঘুনাথপুরের গোরবান্দা গ্রামের বিএলও প্রদীপ চক্রবর্তী। একদিন কলকাতার দমদম থেকে অপরিচিত তরুণের গলা ভেসে এলো ফোনে। এই গ্রামের বাসিন্দা ছিলেন তাঁর বাবা। এবার এসআইআরের চাপে নিজের শিকড় খুঁজতে স্থানীয় বিএলও-র নম্বর জোগাড় করেছেন তিনি। ছেলে ফোন করেছেন বিএলও-কে। তখনও তিনি জানেন না, বিএলও তাঁর নিজের কাকা।
প্রথমে বুঝতে পারেননি বিএলও প্রদীপ চক্রবর্তীও। তরুণের সঙ্গে কথা বলতে বলতেই বোঝেন দীর্ঘ ৩৭ বছর পর তাঁর দাদা বিবেক চক্রবর্তীর ছেলেই পরিবারের শিকড়ের খোঁজ নিচ্ছেন। কিছুক্ষণের জন্য আবেগতাড়িত হয়ে ও পড়েন। ফোনের ওপারে ভাইপোও তখন বাকরুদ্ধ।
সূত্রের খবর, কোন কারণে মতবিরোধে বাড়ি ছেড়েছিলেন বিবেক চক্রবর্তী। দীর্ঘদিন কোনও যোগাযোগ, খোঁজ ছিল না তাঁর। জানতেনও না, গোরবান্দার বিএলও তাঁরই ছোট ভাই।
অবশেষে দুই পরিবারের মিলন হল ফোনে। এখন কবে দেখা হবে তার প্রতীক্ষায় আছেন উভয় পক্ষই।

Be the first to comment