রোজদিন ডেস্ক : লঘু পাপে গুরু দণ্ড! চার আধিকারিক-সহ পাঁচজনের বিরুদ্ধে এফআইআর করার আদেশ প্রত্যাহার করা হোক। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-এর দফতরে চিঠি দিয়ে জানালেন এমনই আবেদন জানালেন স্বরাষ্ট্র দফতরের স্পেশাল কমিশনার। সিইও দফতর সূত্রে খবর, ওই চিঠি কমিশনের দিল্লি অফিসে পাঠানো হয়েছে। সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বেআইনি ভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্বের ইআরও এবং এইআরও-র বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন। সংশ্লিষ্ট দুই জেলাশাসককে এই নির্দেশ দেওয়া হয়েছিল। তারপর প্রায় ১৫ দিন কেটে গেলেও কমিশনের ওই নির্দেশ কার্যকর করা হয়নি। ইতিমধ্যে সিইও দফতর থেকে জেলাশাসকদের দু’বার রিমাইন্ডার দেওয়া হয়েছে। এর পরেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের পরামর্শ নেয় রাজ্য। চিঠিতে বলা হয়েছে, ওই চার আধিকারিকের অপরাধ এফআইআর করার জন্য যথেষ্ট নয়। কম গুরুত্বপূর্ণ অপরাধে এত বড় শাস্তি দেওয়া ঠিক নয়, তাই ওই নির্দেশ প্রত্যাহার করুক কমিশন।

Be the first to comment