রোজদিন ডেস্ক : গতকাল প্রায় দিনভর গোলমালের পর আজ আবার ও অশান্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা। হল অবরোধ, সাংবাদিকদের মারধরও। যা নিয়ে উদ্বেগ সর্বত্র। মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিককে বিহারে মারধরের অভিযোগে বেলডাঙ্গার বড়ুয়া মোড় অবরোধ করেন কয়েকশো মানুষ। ফলত ফের অবরুদ্ধ হয় জাতীয় সড়ক। গতকালের মত আজ ও সেখানে খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত হন সাংবাদিকরা। এবিপি আনন্দের সাংবাদিক, চিত্র সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ ও উজ্জ্বল ঘোষকে আক্রমণ করেন বিক্ষুব্ধ জনতা। গতকাল একটি চ্যানেলের মহিলা সাংবাদিক সোমা মাইতিকে বেধড়ক মারধর করেন বিক্ষোভকারীরা। তিনি পুলিশের সাহায্য চেয়েও পাননি। এই ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ওঠে সব মহলে। সোমা ছাড়া কাল বিভিন্ন প্রচার মাধ্যমের ১২ জন সাংবাদিকও গতকাল আক্রান্ত হয়েছিলেন বলে জানা যায়। পুলিশ নিষ্ক্রিয়।
গতকাল জন বিক্ষোভের জেরে কয়েক ঘন্টা ওই শাখায় ট্রেন চলাচল বন্ধ ছিল। যান বন্ধ হয়ে প্রচন্ড যানজট হয় জাতীয় সড়ক সহ পথেও। সূত্রের খবর, আজও বিক্ষোভকারীরা বেলডাঙ্গা স্টেশনের লাগোয়া রেলগেটে ভাঙচুর করেন, সিগন্যাল ভেঙে দেন। এই সব হামলায় ভীত, সন্ত্রস্ত গোটা এলাকা। রেল, প্রশাসন, পুলিশের পক্ষে পরিস্থিতি সামাল দিতে বহু সংখ্যক পুলিশ বাহিনী ঘটনা স্থলে গেছেন।
পরপর দুদিন এই ভাবে এলাকায় গোলমাল, অশান্তি চলায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। বিরোধী রাজনৈতিক দলগুলিও চিন্তিত। প্রশাসন, পুলিশকে সক্রিয় হতে সব পক্ষই দাবি তুলেছেন।

Be the first to comment