প্রতিবেদন: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উদ্যোগ নিলেও তা খুব একটা ফলপ্রসূ হয়নি। বেসরকারি স্কুল ফি-এর ওপর লাগাম টানতে পারেনি সরকার। এবার ফের সেই উদ্যোগই নিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে বেসরকারি স্কুলগুলির লাগামছাড়া ফি বৃদ্ধিতে রাশ টানতে কড়া অবস্থান নিল প্রশাসন। অভিভাবকদের পকেটের চাপ কমাতে আলোচনার মাধ্যমে ফি-এর হার নিয়ন্ত্রণে রাখতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে শুক্রবার নিউটাউনের কনভেনশন সেন্টারে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন, শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী, মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত, দফতরের সচিব, একাধিক পদস্থ আধিকারিক ও প্রথম সারির বেসরকারি স্কুলের প্রায় সাড়ে তিনশো প্রতিনিধি। বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, অভিযোগ আসছে কিছু স্কুল তাদের ফি ৯ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। তবে সবাই নয়। তিনি স্পষ্ট জানিয়েছেন, এটা করা যাবে না। ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে। যারা বাড়তি ফি নিয়েছেন তাদের অ্যাডজাস্ট করতে হবে। অনেক রাজ্যেই স্কুল ফি নিয়ে নির্দিষ্ট আইন আছে। তবে তিনি আইন করার বিরুদ্ধে। তাঁর আশা আলোচনার মাধ্যমেই সমস্যা মেটাতে হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, সংশ্লিষ্ট সব দফতরগুলিকে নিয়ে একটা কমিটি গঠন করা হবে। তারাই সিদ্ধান্ত জানাবেন। বৈঠকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১ ডিসেম্বর থেকে দুটো পোর্টাল খুলবে স্কুলশিক্ষা দফতর। একটি বেসরকারি স্কুলগুলির জন্য আর একটি অভিভাবকদের জন্য। সেখান থেকে তাদের মতামত পাওয়া যাবে। সবমিলিয়ে পড়াশোনা ও অভিভাবকদের স্বার্থরক্ষার উপরই সবচেয়ে জোর দেন মুখ্যমন্ত্রী। এদিকে চলতি সপ্তাহেই মালদহে জেলা প্রশাসন একাধিক বেসরকারি প্রাথমিক স্কুলকে বন্ধ করার নোটিস দিয়েছে। অভিযোগ, স্কুলগুলির কাছে সরকারি অনুমোদনই নেই, নেই পরিকাঠামো। জেলায় এই ধরনের স্কুলের সংখ্যা ৫০-এর ওপর রয়েছে বলেই খবর।

Be the first to comment