রোজদিন ডেস্ক : পশ্চিমবঙ্গে প্রস্তাবিত কলকাতা রিং রোড প্রকল্প বাস্তবায়নে তৎপরতা শুরু। এই প্রকল্পের পথে আরও এক ধাপ এগিয়ে গেল কেন্দ্র। কলকাতা রিং রোডের বিস্তারিত প্রকল্প রিপোর্ট বা ডিপিআর তৈরির জন্য পরামর্শদাতা সংস্থা নিয়োগে দরপত্র আহ্বান করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে এই সংস্থা নির্বাচন করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রস্তাবিত কলকাতা রিং রোডের সম্ভাব্য দৈর্ঘ্য হবে প্রায় ২৫০ কিলোমিটার। নির্বাচিত সংস্থাকে প্রকল্পের বিস্তারিত সমীক্ষা, নকশা ও ডিপিআর প্রস্তুতের দায়িত্ব দেওয়া হবে। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ১১ জানুয়ারি, ২০২৭। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করি কলকাতা রিং রোড নির্মাণের ঘোষণা করেছিলেন। প্রস্তাবিত রিং রোড কলকাতা, হাওড়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাকে সংযুক্ত করবে। পাশাপাশি কোনা এক্সপ্রেসওয়ে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ও কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ গড়ে তুলে মহানগরের যানজট কমাতে এবং দূরপাল্লার যানবাহনের জন্য বিকল্প করিডর তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

Be the first to comment