সুস্মিত মজুমদার :
ঘটনাটি ঘটে অশোকনগর থানার অন্তর্গত সুরিয়া আমবাগান এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযান, উদ্ধার প্রায় ৪০ কেজি গোমাংস।
সরকারি নির্দেশ ও প্রশাসনের নজরদারি সত্ত্বেও গোমাংস বিক্রির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল অশোকনগরের সুরিয়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে সুরিয়া আমবাগান এলাকায় কয়েকজন যুবক গোমাংস বিক্রি করছেন বলে খবর আসে অশোকনগর থানায়।খবর পেয়েই সেখানে অভিযান চালায় পুলিশ।ঘটনাস্থল থেকে ৪০ কেজি গোমাংস উদ্ধার করার পাশাপাশি পাঁচজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম তারিফ মোহাম্মদ (৪৬), খুদা বক্স (৩০), সাদিকুল মণ্ডল (৪২), মতিয়ার বিশ্বাস (৫৫) এবং মোসেফ মণ্ডল (৬৬)। পাঁচজনই সুরিয়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
এদিন ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বারাসাত আদালতে পেশ করা হয়।
এই ঘটনায় বিজেপি সদস্য অনিকেত দে বলেন, “পুলিশ প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ধরনের জঘন্য কাজ করেন, তাঁদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন সঠিক পদক্ষেপ নিয়েছে।”
অন্যদিকে, রাজ্যে গোমাংস বিক্রি ও গো-হত্যা নিয়ে প্রশাসনিক নজরদারি এবং রাজনৈতিক নির্দেশের মধ্যেও এ ধরনের অভিযোগ সামনে আসায় প্রশ্ন উঠছে। নির্দেশ অমান্য করে কীভাবে এই ধরনের ঘটনা ঘটছে, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে।

Be the first to comment