রোজদিন ডেস্ক : তিরুপতি মন্দিরে বেঙ্কটেশ্বরের উদ্দেশে ১২১ কেজি ওজনের স্বর্ণালঙ্কার দান করে গোটা দেশে হইচই ফেলে দিয়েছেন চেন্নাইয়ের উদ্যোগপতি তথা সমাজসেবী বর্ধমান জৈন ও তাঁর স্ত্রী রাধিকা জৈন। তারা মন্দিরে যে স্বর্ণালঙ্কার দান করেছেন, তার মূল্য ২০৬ কোটি টাকারও বেশি। জৈন দম্পতির এই দান তিরুপতি মন্দিরের ইতিহাসে বৃহত্তম নিবেদন হিসেবে গণ্য হচ্ছে। এভাবেই তারা ভক্তি ও বিশ্বাসের এক অনন্য নজির স্থাপন করলেন। বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর উপস্থিতিতে মন্দির কর্তৃপক্ষের হাতে এই বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার তুলে দেওয়া হয়, যা তিরুমালা তিরুপতি মন্দিরের ইতিহাসে কোনও একক ভক্তের তরফে বৃহত্তম দান হিসেবে বিবেচিত হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, দৈব অনুপ্রেরণা এবং ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির মানত পূরণ হওয়াতেই ওই দম্পতি এই সিদ্ধান্ত নিয়েছেন।
মন্দিরের তথ্য অনুযায়ী, ২৪ ক্যারেট বিশুদ্ধ সোনায় তৈরি মোট ৪৬টি রত্নখচিত অলঙ্কারের মধ্যে ১০৬ কেজি সোনা ভেঙ্কটেশ্বরের অলঙ্কার তৈরিতে ব্যবহৃত হয়েছে এবং বাকি ১৫ কেজি সোনা দিয়ে তিরুচানুরের শ্রী পদ্মাবতী আম্মাভারুর বিশেষ পোশাক তৈরি করা হবে। দান করা এই মূল্যবান সামগ্রীর তালিকায় রয়েছে সোনার মুকুট, পদ্ম পাদালু (দেবতার পায়ের বিশেষ অলঙ্কার), কোমরবন্ধ, হার, বাহু ও হাতের অলঙ্কার এবং শঙ্খ ও চক্রের আবরণ।
এই ঘটনার পরই সারা দেশের নজর জৈন দম্পতির দিকে। কে তিনি, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জনমানসে। বর্ধমান চেন্নাইয়ের এক জন উদ্যোগপতি। সমাজসেবার সঙ্গেও জড়িয়ে রয়েছে তাঁর নাম। উদ্যোগপতি হিসেবে মূলত স্বাস্থ্যসেবা প্রযুক্তি এবং আউটসোর্সিং শিল্পে তাঁর অবদান রয়েছে। এ ছাড়াও, বিভিন্ন জনহিতকর কর্মকাণ্ডের জন্যেও তিনি পরিচিত। চেন্নাই-ভিত্তিক সংস্থা অ্যাক্সেস হেল্থকেয়ার সংস্থার তিনি প্রতিষ্ঠাতাও।

Be the first to comment