লক্ষ্মীর ভান্ডার, বেনোজল নিয়ে সরব মুখ্যমন্ত্রী

Spread the love

সুস্মিতা রায় :
প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলের জনপ্রিয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে লক্ষ লক্ষ অনিয়ম, বেনোজল ছিল বলে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্ববর্তী সরকারের এই প্রকল্প অন্নপূর্ণা ভান্ডার নামে শুধু চালুই রাখছে না নতুন রাজ্য সরকার, এর আর্থিক অনুদান ও দ্বিগুণ বৃদ্ধি করে মাসে ৩ হাজার টাকা করা হয়েছে। আজ নবান্নে এই সংক্রান্ত ফর্ম প্রকাশ করে মুখ্যমন্ত্রী পরিস্কার জানান, অন্নপূর্ণা ভান্ডারের বিশুদ্ধ তালিকা তৈরি করা সরকারের লক্ষ্য। আগের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে লক্ষ লক্ষ বেনোজল মিশে আছে। তা যাচাই করে শুদ্ধ তালিকা করা হবে। প্রকৃত ভারতীয় নাগরিক ও আর্থিকভাবে দুর্বল মহিলারা ই এই অন্নপূর্ণা যোজনার সঙ্গে যুক্ত হবেন।
মুখ্যমন্ত্রী বলেন, তাঁদের প্রাথমিক ধারণা ছিল যে লক্ষ্মীর ভান্ডারর প্রাপকদের তালিকা যাচাই করা আছে। কিন্তু এই নিয়ে প্রচুর অভিযোগ এসেছে। ভোটার তালিকা থেকে স্থায়ী ভাবে নাম বাদ গেছে, ট্রাইবুনালে আবেদন করেননি, এমন প্রায় ৩০ লক্ষ মানুষও লক্ষ্মীর ভান্ডারের টাকা পান।
এই যোজনার ফর্মে পরিবার নিয়েও বিশদ তথ্য দিতে হবে, এর মাধ্যমে ও উপভোক্তাদের আর্থিক পরিস্থিতি নিয়ে সরকার জানতে পারবেন বলে ওয়াকিবহাল মহল মনে করেন।
এর ফলে বহু ধনী মহিলা যাঁরা এই সুবিধা পেতেন বলে অভিযোগ, তাঁদের নাম তালিকায় নাও থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
শুধু মহিলাই না, বহু পুরুষও লক্ষ্মীর ভান্ডার পেতেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
আজ মুর্শিদাবাদ থেকে রাকিবুল শেখ নামের এক পুরুষকে আটক করা হয়। নবান্নে তাঁর নামও বলেন মুখ্যমন্ত্রী। তিনি গত তিন বছর ধরে এই টাকা পাচ্ছিলেন, যদিও তিনি নিজে এর জন্য আবেদন করেননি বলে দাবি করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*