রোজদিন ডেস্ক : তৃণমূল কংগ্রেসের সব সাংগঠনিক পদ ও দায়িত্ব ছাড়লেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার। এদিন তিনি দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে পাঠানো চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এর আগে মঙ্গলবার কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত হন তিনি। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিলেন বারাসতের সাংসদ। সুব্রত বক্সিকে পাঠানো চিঠিতে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি। অল ইন্ডিয়া মহিলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন পদ-সহ দলের সমস্ত কমিটি ও দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তিনি লিখেছেন, যে পদে থেকে মহিলা সাংসদের প্রতি অন্য এক অশিক্ষিত, অভদ্র দলীয় সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না, সেখানে থাকার অর্থ হয় না। তৃণমূলের অন্দরের খবর, নাম না করলেও তাঁর নিশানায় যে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তা না বললেও চলে। একইসঙ্গে তাঁর অভিযোগ, দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকেও কোনও সহযোগিতা পাননি তিনি। চিঠিতে শুধু মহিলা সাংসদকে নিয়ে বিতর্কই নয়, তৃণমূল আমলের বিভিন্ন দুর্নীতি-সহ একাধিক ইস্যুতেও দলের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন কাকলি।

Be the first to comment