রোজদিন ডেস্ক : প্রাক্তন সরকারের আমলে এত দুর্নীতি নিয়ে বিস্ময় প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ তিনি বলেন, যেখানেই হাত দিচ্ছেন, সেখানেই দুর্নীতি! এবার তো দেখা যাচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডকে জেল বানাতে হবে!
আজ নিউটাউনে দলের কর্মীদের প্রশিক্ষণ সভায় ভাষণ দিচ্ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী দাবি করেন, নির্বাচনের সঙ্কল্প পত্রে যা ঘোষণা হয়েছে, সব বাস্তবায়িত করা হচ্ছে ও হবে।
ইতিমধ্যে ৫০ লক্ষ মা-বোনকে অন্নপূর্ণা যোজনার জন্য মাসে তিন হাজার টাকা করে দেওয়া হচ্ছে। আরও আবেদন আসছে। মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত ব্যবস্থাও চালু হয়েছে।
মুখ্যমন্ত্রী দল ও সরকারের মধ্যে সমন্বয় রেখে কাজ করার ওপর জোর দেন। রাজ্যের উন্নয়নে সবাইকে এক সঙ্গে নিয়ে চলার বার্তা দেন। রাজ্যকে নতুন ভাবে নির্মাণের কথা বলেন। জোর দিয়ে বলেন, আমি নয় আমরা, এই ভাবে সরকার চলবে। জন প্রতিনিধি ও সংগঠনের মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে হবে।
কর্মী সমর্থক দের সংযত থাকার কথা বলেন। তাঁদের উদ্দেশ্যে বলেন, তিনি চান তাঁরা দু চোখ খোলা রেখে সরকারের সব কাজে সহযোগিতা, পরামর্শ, খবরাখবর দেওয়া ও সবার ওপরে নজরদারি করার কাজ করুন।
সভায় রাজ্যের প্রাক্তন সরকারের তীব্র সমালোচনা করেন। তাঁর অভিযোগ, ৩ লক্ষ পুরুষ আগের লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন। এমনকি আগের আমলে বহু পুরুষ বিধবা ভাতাও পেতেন বলে জানান।
বিজেপি কর্মীদের দু-চোখ খোলা রেখে সরকারের সব কাজের মূল্যায়নের ওপর বিশেষ ভাবে গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment