রোজদিন ডেস্ক : স্বামী বিবেকানন্দর জন্মদিনে তাঁর বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জির বিশাল ছবি দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে। “স্বাগতম যুবরাজ” শীর্ষক এই হোর্ডিং-এ অভিষেকের ছবি থাকলেও স্বামীজির কোন ছবি না থাকায় তীব্র সমালোচনা করেছে বিজেপি। আজ স্বামীজির জন্মদিনে তাঁর বাড়ির সামনে এই ভাবে টিএমসি নেতার ছবি দিয়ে বিবেকানন্দকে অসম্মান করা হয়েছে বলে তাদের অভিযোগ।
বিবেকানন্দর জন্মদিনে আজ সকালে উত্তর কলকাতায় তাঁর বাড়ি গিয়ে শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার প্রমুখ। সূত্রের খবর, বিকেলে অভিষেক ব্যানার্জির ওখানে যাওয়ার কথা। তার আগেই এই হোর্ডিং বসানো নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।
বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তীব্র কটাক্ষ করে বলেছেন, ত্রিশ বছরের বেশি সময় ধরে তিনি স্বামীজির জন্মদিনে ওঁর বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান। ব্যানার, হোর্ডিং ও দেন, কিন্তু নিজের নাম কখনও দেন না। আর এদের (টিএমসি) এত ঔদ্ধত্য যে কারও কথা না শুনে এই ছবি লাগিয়েছে!
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শাসক দলকে তীব্র কটাক্ষে বিঁধে বলেন, যেখানে একসময় স্বামীজি থাকতেন, ঘুরে বেড়াতেন, সেখানে এখন কয়লা চোর, গরু চোর রা ঘুরে বেড়ায়! এদের উৎখাত করার তিনি আহবান জানান।
স্বামীজির জন্মদিন উপলক্ষে আজ সকালে দলের পক্ষে হেদুয়া থেকে সিমলা রোড অবধি বিবেক যাত্রা হয়।শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, ইন্দ্রনীল খান সহ নেতা, কর্মীরা সেখানে অংশ নেন।
অন্যদিকে অভিষেক ব্যানার্জির ছবি সহ হোর্ডিং নিয়ে পালটা টিএমসি নেতাদের বক্তব্য, দলের পক্ষে ওঁকে ভালবেসে যুবরাজ বলা হয়। এর সঙ্গে স্বামীজিকে অসম্মানের কোনও প্রশ্নই নেই। শশি পাঁজা, অরূপ চক্রবর্তী প্রমুখ বিজেপিকে বিঁধে বলেন, ওঁরা স্বামীজিকে হিন্দু হিসাবে দেখাতে চান, যিনি সবার উর্ধ্বে মানুষকে দেখতেন অন্য কাউকে নয়।

Be the first to comment