রোজদিন ডেস্ক :
হাওড়ার ডোমজুড়ের চাঁদনি বাজার এলাকায় আজ ভর সন্ধ্যায় এক ছাত্রীকে ছুরি নিয়ে আক্রমণ করেন এক যুবক। প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় উত্তেজিত যুবক সমীর দাস ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন ছাত্রীকে। পথ চলতি মানুষজন ভয়ঙ্কর এই ঘটনায় গুরুতর আহত, রক্তাক্ত ছাত্রীকে হাসপাতালে নিয়ে যান৷ অভিযুক্তকে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ এসে তাঁকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
হাওড়া হাসপাতালে ছাত্রীকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ভর সন্ধ্যায় এই ভয়ঙ্কর ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা দেখা দেয়। ছড়ায় আতঙ্ক ও।
সূত্রের খবর, আদতে বীরভূমের ময়ুরেশ্বরের বাসিন্দা সমীর দাস কর্মসূত্রে হাওড়ার আন্দুলে আসেন। নিহত ছাত্রীর বাড়িতে তিনি ভাড়া ছিলেন। মাস খানেক আগে ছাত্রীর পরিবার তাঁকে বাড়ি থেকে তুলে দেয়। প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে তিনি ছাত্রীকে এই নৃশংস আক্রমণ করেন বলে পুলিশের অনুমান। পুরো বিষয়ে পুলিশ তদন্ত করছে।

Be the first to comment