রোজদিন ডেস্ক, কলকাতা:- উত্তরকাশীতে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বান দেখা দিয়েছে। মঙ্গলবার ভোর রাতের প্রবল বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালি গ্রাম। স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ হড়পা বানে ভেসে গিয়েছে বহু বাড়ি, হোটেল এবং হোমস্টে। এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০-১২ জন মানুষের ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে।

এই দুর্যোগে বেশ কয়েকটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে গঙ্গোত্রী, মানা, মুরাডি ও দয়ারা বুগিয়াল এলাকাগুলি সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে।
হড়পা বানের ফলে পাহাড়ি ঢাল থেকে বিশাল মাপের জলস্রোত ধেয়ে আসে এবং সঙ্গে করে নিয়ে যায় পাথর, কাদা ও গাছপালা।
সরকারি সূত্র অনুযায়ী, এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর মিলেছে। প্রায় ৫০ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার কাজ এখনো চলছে। দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা দল (SDRF), সেনাবাহিনী ও আইটিবিপি যৌথভাবে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

ভোর থেকেই হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে দুর্গত এলাকায় নজরদারি চলছে। যেসব এলাকায় রাস্তা ভেঙে গেছে, সেখানে পায়ে হেঁটে বা দড়ি বেয়ে উদ্ধারকাজ পরিচালনা করা হচ্ছে। দুর্গতদের অস্থায়ী ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়া হয়েছে এবং খাবার, জল ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বৈঠক ডেকেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। কেন্দ্রীয় সরকারও রাজ্যকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে।
পাহাড়ি অঞ্চলে আকস্মিক বর্ষণের ফলে হড়পা বান একটি সাধারণ দুর্যোগ হলেও সাম্প্রতিক বছরগুলিতে এই ধরনের দুর্যোগের সংখ্যা বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নির্মাণকাজ এর পিছনে বড় কারণ।

Be the first to comment