রোজদিন ডেস্ক : রাজ্য সরকার কেন্দ্রর সিদ্ধান্ত মেনে ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করার কাজ শুরু করায় তোপ দাগলেন বিরোধী কংগ্রেস, সিপিএম-ও। তাঁদের অভিযোগ, এতদিন ধরে ওয়াকফ নিয়ে সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে এখন নিঃশব্দে কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী এই নিয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছেন। বর্তমান সভাপতি শুভংকর সরকার, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রমুখ আজ পৃথক ভাবে মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন।
প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী কেন্দ্রকে লেখা চিঠিতে ওয়াকফ সম্পত্তি নিয়ে উদ্ভুত সমস্যা সমাধানে এর নথিভুক্তির সময় সীমা বৃদ্ধির আর্জি জানান। স্বচ্ছ, যুক্তিসঙ্গত ভাবে এই কাজ করলে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি সুরক্ষিত থাকবে বলে তিনি মনে করেন।


প্রদেশ কংগ্রেস সভাপতি শুভংকর সরকার ওয়াকফ সম্পত্তির নথিভুক্তির কাজ রাজ্য সরকার শুরু করায় বিস্ময় ব্যক্ত করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন। কেন্দ্র ৫ ডিসেম্বরের মধ্যে এই কাজ সম্পন্ন করতে বললেও রাজ্য সরকার তা আগেই শুরু করায় তিনি উদবেগ ব্যক্ত করেন। বলেন, মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন, এখানে ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত না করলেও হবে। অথচ কোন প্রস্তুতি ছাড়াই তা শুরু করায় তিনি উদবিগ্ন। এই কাজ স্বচ্ছ, ভালভাবে সমীক্ষা করে সুষ্ঠু ভাবে করার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে আর্জি জানান।
সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম পৃথকভাবে মুখ্যমন্ত্রীকে তোপ দেগে বলেন, উনি অসত্য কথা বলছেন। সংখ্যালঘু সম্প্রদায়কে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভুল পথে চালিত করেছেন।
মুখ্যমন্ত্রী আজ নাবান্নে তাঁর আমলের উন্নয়নের যে খতিয়ান পেশ করেছেন, তাও অসত্য বলে মন্তব্য করেন মহম্মদ সেলিম।

Be the first to comment