রোজদিন ডেস্ক : মহালয়ার আগেই মুখ্যমন্ত্রীর সচিবালয় কি মহাকরণে স্থানান্তরিত হতে চলেছে? প্রশাসনিক তৎপরতা দেখে সে রকমই ইঙ্গিত মিলছে। মহালয়ার আগে প্রস্তুতি চূড়ান্ত করতে তৎপর রাজ্য প্রশাসন। সব কিছু পরিকল্পনামাফিক এগোলে দেবীপক্ষের শুরু থেকে মহাকরণ থেকেই প্রশাসনিক কাজকর্ম পরিচালনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে এ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে মহাকরণের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্রের খবর, মহাকরণের নিরাপত্তায় এবার ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। গোটা ভবন থাকবে সিসিটিভির আওতায়। সচিত্র পরিচয়পত্র ও আগাম অনুমতি ছাড়া কারও প্রবেশের অনুমতি থাকবে না। নিরাপত্তা বলয় আরও শক্তিশালী করতে একাধিক নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহাকরণে মুখ্যমন্ত্রীর সচিবালয়ের পাশাপাশি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতা পুলিশের নগরপালের দফতরও থাকবে। কলকাতা পুলিশের নগরপালের জন্য পৃথক কক্ষ রাখা হচ্ছে, যাতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত পরিস্থিতির উপর দ্রুত নজরদারি ও সমন্বয় করা যায়। প্রথম পর্যায়েই তথ্য ও সংস্কৃতি দফতর মহাকরণে কাজ শুরু করবে। যদিও আর কোন কোন দফতর সেখানে স্থান পাবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি। মোট প্রায় ১২টি দফতরকে ধাপে ধাপে মহাকরণে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

Be the first to comment