রোজদিন ডেস্ক : প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী খবর পেয়েই এসেছিলেন ঝাড়খন্ডে অকাল মৃত পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের বাড়ি। পরিবারকে সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। আজ তাঁর বাড়ি গেলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। সূত্রের খবর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশ মেনেই আজ স্থানীয় বিধায়ক হাসানুজ্জামান শেখকে নিয়ে তিনি ওখানে যান। শোকার্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। গত শুক্রবার মৃত আলাউদ্দিনের দেহ বাড়িতে আসতেই তুমুল বিক্ষোভে ফেটে পড়ে জনতা। ট্রেন, সড়ক অবরোধে তুলকালাম বাধে।
এলাকার সাংসদকে দেখে বহু মানুষ তাঁকে নানা প্রশ্ন করেন। কেন গত দুদিন তাঁকে দেখা যায়নি, সেই প্রশ্নও ধেয়ে আসে।
ইউসুফ পাঠান বলেন, সাধারণ মানুষ, প্রচার মাধ্যমকে ভুল বোঝানো হয়েছে। তিনি মুর্শিদাবাদেই ছিলেন বলে দাবি করেন।তাঁদের কর্মীরা নীচুতলার মানুষদের সঙ্গে মানুষের সঙ্গে অবিরাম যোগাযোগ রাখেন। তাঁদের জন্যই তাঁরা কাজ করেন বলে জানান।
মৃত শ্রমিকের পরিবারকে সরকারি সহায়তা পাওয়ার জন্য চেষ্টা করবেন বলে জানান। একই আশ্বাস দেন বিধায়কও।
গত দুদিনের উত্তাপ কিছুটা স্তিমিত হলেও বেলডাঙ্গা আজও থমথমে। ট্রেন চলাচল এখনও পুরো স্বাভাবিক হয়নি। অসুবিধায় পড়েন নিত্যযাত্রীরা। বিশাল পুলিশ বাহিনী শান্তি রক্ষায় মোতায়েন আছে। চলছে টহলদারি, নজরদারিও।
সাংবাদিকদের মারধরের ঘটনায় চারজন গ্রেফতার হয়েছে।

Be the first to comment