শনিবার আচমকা দিল্লি পৌঁছে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পূর্ব ঘোষনা না থাকায় রাজ্যপালের এই সফর ঘিরে জল্পনা চরমে। তবে এদিন দিল্লিতে ওয়েস্ট বেঙ্গল গেস্ট হাউসে কেন্দ্রীয় সংস্কৃতি সচিব, আইএএস রাঘবেন্দ্র সিং-এর সঙ্গে কথা বলেন রাজ্যপাল। আর সেই বৈঠকের কথা তিনি নিজেই টুইট করে জানান।
এরই মাঝে এদিন গীতার বাণী টুইট করেন রাজ্যপাল। লেখেন, ‘কর্মণ্যেবাধিকারস্তে, মা ফলেষু কদাচন’। যার অর্থ, কাজ করে যাও, ফলের আশা করো না। এর জেরে জল্পনা আরও কয়েক গুণ বেড়েছে।
উল্লেখ্য, বিধান পরিষদ-সহ একাধিক জরুরি বিষয় নিয়ে আলোচনা করতে আচমকা রাজভবনে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের সঙ্গে প্রায় দুই ঘণ্টা কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁর এই বৈঠকের দুই দিনের মধ্যেই রাজ্যপালের দিল্লি সফরের কোনও যোগ আছে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের প্রশাসনিক প্রধান এবং রাজ্যের সাংবিধানিক প্রধানের মধ্যে সংঘাত রোজকার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এতটাই চরমে পৌঁছে যায় যে মুখ্যমন্ত্রী রাজ্যপাল জগদীপ ধনখড়কে জৈন হাওয়ালা কেলেঙ্কারিতে যুক্ত বলে অভিযোগ করেন। এসবের মাঝেই বুধবার আচমকা মুখ্যমন্ত্রীর রাজভবনে পৌঁছনোয় রাজনৈতিক মহলে জল্পনা ছড়ায়।

Be the first to comment