টিকা নিতে এসে শনিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তুমুল হয়রানির মধ্যে পড়লেন শিশুদের মায়েরা। তাঁদের দাবি ভোর থেকে টিকার নেওয়ার জন্য অপেক্ষা করেও টিকা মেলেনি। এরপরই তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় সূত্রে খবর, শনিবার মূলত বাচ্চার মায়েরা টিকা নেওয়ার জন্য এসেছিলেন। অনেকেই ভোর থেকে লাইনে দাঁড়ান।
এদিকে বেলা কিছুটা গড়ালে টিকাকরণকেন্দ্র থেকে ঘোষণা করা হয় কেবলমাত্র ওষুধ ব্যবসায়ীদের জন্য টিকার ব্যবস্থা এদিন করা হয়েছে। এরপরই তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি শুরু হয়ে যায় টিকাকরণকেন্দ্রে। তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন মহিলারা। এদিকে সম্প্রতি পুলিশ ও পুরকর্তারা বৈঠকে বসে সিদ্ধান্ত নিয়েছিলেন টিকাকরণকেন্দ্রে পুলিশ পাহারার ব্যবস্থা থাকবে। তারপরেও কেন এই ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
বাসিন্দাদের দাবি এদিন শিশুর মায়েদের টিকাকরণের কথা ছিল। কিন্তু বেলা হতে বলা হচ্ছে কেবলমাত্র ওষুধ ব্যবসায়ীদের দেওয়া হবে। অপর এক মহিলার দাবি, সকাল সাড়ে ৬টা থেকে লাইনে দাঁড়িয়েছি। বেলাতে বলছে মেডিসিনের লোকজনকে দেবে। কিন্তু সেটা আগে নোটিশ দিয়ে জানালো না কেন? কেন এই অব্যবস্থা প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। তবে এব্যাপারে কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Be the first to comment