দক্ষিণে কমলেও উত্তরের কিছু জেলায় ভারী বৃষ্টি, কলকাতায় বাড়বে গরম

Spread the love

আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আকাশ আংশিক মেঘলা থাকবে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে ৷ তবে ১৮ জুলাইয়ের পর থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে । অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

মৌসুমী অক্ষরেখা বিহার থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে । এই মৌসুমী অক্ষরেখার বিশেষ প্রভাব পড়বে না গাঙ্গেয় পশ্চিমবঙ্গে । তবে উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দু-এক জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস । আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদা ও দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আগামী ২১ তারিখ বঙ্গোপসাগরের উত্তরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে । এই নিম্নচাপের জেরে আরও একবার সক্রিয় হয়ে উঠবে মৌসুমী বায়ু । এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । ২১ জুলাইয়ের পর তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে ।

এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সঙ্গেই পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা, ঝাড়খণ্ডেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে আগামী ২২, ২৩ ও ২৪ জুলাই এরাজ্যের দক্ষিণবঙ্গ-সহ ওড়িশা এবং ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বোচ্চ ৮৯ শতাংশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*