রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। এই মামলায় নাম রয়েছে অন্যতম অভিযুক্ত হুগলির বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং অরুণ হাজরা নামে আরও এক ব্যক্তির। শুক্রবার বিচার ভবনে কলকাতা নগরদায়রা আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়।
প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি’র হাতে গ্রেপ্তার হয়েছিলেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। দীর্ঘদিন প্রেসিডেন্সি জেলে থাকার পর একই মামলায় সিবিআই তাঁকে গ্রেপ্তার করে। শারীরিক অসুস্থতার কারণে আদালতে সশরীরে হাজিরা দিতে পারছিলেন না তিনি। আদালতে সিবিআই জানিয়েছিল, ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা প্রয়োজন। অসুস্থতার কারণে দীর্ঘদিন সেই প্রক্রিয়া ঝুলেছিল। পরে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। আদালত থেকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ। এরপর এদিন এই মামলায় চার্জশিট জমা দিল সিবিআই।

Be the first to comment