রোজদিন ডেস্ক, কলকাতা:- আচমকা হার্ট অ্যাটাক! শুনলেই বুকটা ছ্যাঁক করে ওঠে। কেউ ক্রিকেট খেলতে খেলতে, আবার কেউ নাচতে নাচতে চোখের নিমেষে মাটিতে লুটিয়ে পড়ছেন। মুহূর্তের মধ্যে প্রাণ হারিয়ে ফেলছেন অনেকেই। চিকিত্সা করানোর কোনও সুযোগ দেওয়ার আগেই সব শেষ। আর এই রোগের থাবা কখন, কার ঘাড়ে গিয়ে পড়বে কেউ জানে না। ঠিক সেই রকমভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল এক ১৬ বছরের ছাত্রীর সঙ্গে।
গত বৃহস্পতিবার সকালে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিলেন এক দশম শ্রেণির ছাত্রী। আচমকাই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। জানা গিয়েছে, ১৬ বছর বয়সী শ্রী নিধি রামারেডি মণ্ডলের সিঙ্গারায়াপল্লি গ্রামের বাসিন্দা। স্কুলে পড়াশোনা করার জন্য তেলেঙ্গানার কামারেডিতে থাকতেন। পুলিস জানিয়েছেন, স্কুল গেটের একটু আগেই তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনাটি স্কুলের এক শিক্ষকের নজরে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি সেখানে ছুটে গিয়ে নিধিকে হাসপাতালে নিয়ে যান। চিকিত্সকরা তাঁকে প্রাথমিক চিকিত্সা দেন। যার মধ্যে তাঁকে সিপিআর-ও দেওয়া হয়। কিন্তু তাতেও তিনি কোনও সাড়া দেননি। ফলে চিকিত্সকরা তাঁকে অন্য হাসপাতালে রেফার করে দেন। দ্বিতীয় হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হলে নিধিকে মৃত ঘোষণা করা হয়।
স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। বেশ কয়েকজন পড়ুয়ারা বলেছেন যে নিধির মতো একটি ছোট মেয়ের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুতে তারা মর্মাহত। মৃতদেহ তাঁর নিজের গ্রামে নিয়ে যাওয়া হয়।

Be the first to comment