রোজদিন ডেস্ক, কলকাতা:- বুধবার ৭ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক উচ্চপর্যায়ের বৈঠকে সীমান্তঘেরা রাজ্য পশ্চিমবঙ্গকে সোজাসুজি সতর্ক করে বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি নিতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্র ও রাজ্যের শীর্ষ আধিকারিকরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, এনডিআরএফ-এর ডিজি এবং রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী, বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব রাজেশ সিনহা, ও সিভিল ডিফেন্স ডিজি জগমোহন- সকলেই উপস্থিত ছিলেন।
৮ মে থেকে দেশজুড়ে শুরু হচ্ছে মকড্রিল, যা সাধারণ মানুষের অংশগ্রহণে হবে। বাংলাকেও এরই অন্তর্ভুক্ত করা হয়েছে। কেন্দ্র জানিয়ে দিয়েছে, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে উদ্ধার কাজ, সঙ্কট মোকাবিলা এবং যোগাযোগব্যবস্থা সচল রাখতে হবে অবিলম্বে।
রাজ্য সূত্রে খবর, কলকাতা শহরে বর্তমানে ৯৫টি সাইরেন রয়েছে, যার মধ্যে অনেকগুলোই অকেজো হয়ে আছে। রাজ্যের বিভিন্ন জেলায় আরও ২০-২৫টি সাইরেন রয়েছে। কেন্দ্রের নির্দেশে এখন সেগুলিকে দ্রুত মেরামত ও সক্রিয় করা হচ্ছে।
বর্তমানে রাজ্যে ৬২টি স্যাটেলাইট ফোন রয়েছে। যুদ্ধ পরিস্থিতিতে এই ফোনগুলির মাধ্যমে এয়ারফোর্স ও সিভিল ডিফেন্সের মধ্যে যোগাযোগ রক্ষা করা হবে। এয়ারফোর্স থেকেই প্রাথমিক বার্তা আসবে, যা সিভিল ডিফেন্সের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে।
কেন্দ্রের নির্দেশ অনুযায়ী প্রতিটি জেলায় কন্ট্রোল রুম স্থাপন করে তা ২৪ ঘণ্টা চালু রাখতে হবে। এই কন্ট্রোল রুমগুলি এখন বর্ষাকালের সময় তৈরি হলেও, যুদ্ধ পরিস্থিতিতে উদ্ধার ও বিপর্যয় ব্যবস্থাপনায় ব্যবহৃত হবে।
নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের হাতে এখন মাত্র সাত দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যে পরিকাঠামোগত ঘাটতি, যন্ত্রপাতি, ও মানববলের সমন্বয় করে প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে।

Be the first to comment