কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুতে ৪জনকে গ্রেফতার পুলিশের, আজই তাদের তোলা হবে আদালতে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কালীগঞ্জ উপনির্বাচনের বিজয় মিছিল থেকে ছোড়া বোমার আঘাতে মৃত্যু হয়েছে দশবছরের এক নাবালিকার। এখনও পর্যন্ত এই ঘটনায় চারজনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শুরু হয় চাপানউতোর, রাজনৈতিক তরজা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত তদন্তে নামে।

মঙ্গলবার সকালে কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়, “কালীগঞ্জে শিশুমৃত্যুর ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মঙ্গলবার সকালেই কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনায় সোমবার আদর শেখ, মানোয়ার শেখ, কালু শেখ এবং আনওয়ার শেখ নামে চার জন মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের আজ, মঙ্গলবারই আদালতে পেশ করা হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার বিকেলেই এই ঘটনায় উদ্বেগপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। ঘটনায় শোকপ্রকাশ করেন কালীগঞ্জে জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*