DVC- না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে, আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করছি একটু সময় তো লাগবেই; বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বর্ষা জল বাড়লেই বন্যা আর বন্য হলেই বারবার চলে আসে ঘাটাল মাস্টারপ্ল্যান প্রসঙ্গ। চলতি বছরেও তার ব্যতিক্রম হয়নি। স্থানীয়দের দুর্ভোগের শেষ নেই। জল-যন্ত্রণার কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ তাঁদের।
তবে তার কারণ হিসাবে কেন্দ্রকেই বারবার কাঠগড়ায় দাঁড় করিয়েছেন সাংসদ দেব।

মঙ্গলবার বিধানসভায় সেই একই সুর শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। তাঁরও স্পষ্ট কথা, এত বছরের যে ঢিলেমি সেটার এক ও একমাত্র কারণ কেন্দ্রের অসহযোগিতা। আর ডিভিসির না বলে জল ছাড়া।

মঙ্গলবার বিধানসভার সভাকক্ষে মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের এখানে ম্যাক্সিমাম হয় ম্যান মেড ফ্লাড। ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে। আমরা জানতাম জল ছাড়ার আগে রাজ্যকে জানাতো।‌ কিন্তু এখন যে সরকার কেন্দ্রে এসেছে তারা এসব মানে না। না জানিয়েই জল ছেড়ে দেয়। একটি কথাও শোনে না, একটি কথাও মানে না। তারা বাংলাকে বন্যাত্রাণে এক পয়সাও দেয় না।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “১৪টা হাইডাল পাওয়ার প্রজেক্ট করে তিস্তার শ্বাস প্রশ্বাস নেওয়াটাও বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা বার বার বলেছি ইন্দো-ভুটান রিভার প্রজেক্টে বাংলার প্রতিনিধিত্ব থাকা উচিত, কিন্তু এরা বাংলার অংশীদারিত্ব পুরোটাই বাদ দিয়ে দিয়েছে।”

কক্ষে দাঁড়িয়ে এদিন মুখ্যন্ত্রী বলেন, “আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করছি। একটু সময় লাগবে এতবড় প্রজেক্ট করতে, কিন্তু আমরাই করব। কেন্দ্র সরকার এক পয়সাও দেয়নি।‌ আমরা নিজেরাই এই প্রজেক্ট করছি। এই প্রজেক্ট করতে গিয়ে জমি নিয়ে যদি কোনও সমস্যা হয় তাহলে প্রজেক্ট একটু ঘুরিয়ে দিতে অনুরোধ করব, যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয়।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*